১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলেন রাহুল।

নোয়াখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু
জিহারুল ইসলাম রাহুল।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 02:35 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

নোয়াখালীর চাটখিল উপজেলায় গরুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে চাটখিল বাজারে জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান।

নিহত জিহারুল ইসলাম রাহুল (১৭) উপজেলার দক্ষিণ দশগরিয়া গ্রামের নুরুল ইসলাম খোকনের ছেলে। তিনি পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। 

পরিদর্শক সুলতান বলেন, সকালে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেল নিয়ে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় গরুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। 

“এতে রাহুল সড়কে ছিটকে পড়ে এবং মুহূর্তের মধ্যে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।