Published : 17 Aug 2026, 07:56 PM
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় গ্রামে গ্রামে ঘুরে স্বর্ণের গয়না মেরামতের কথা বলে প্রতারণার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
মহালছড়ি থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, রোববার রাতে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়া (জয়সেনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের মধুপুরের মনু মিয়া, জামালপুরের মাদারগঞ্জের জহুরুল হক ও তার ছেলে বিজয় খান, জামালপুর সদরের শিপন আলী ও কাজল মিয়া এবং ময়মনসিংহ সদরের আমিনুল ইসলাম।
পুলিশ জানায়, তারা বিভিন্ন গ্রামে গিয়ে নারীদের পুরনো স্বর্ণের গয়না মেরামত করে দেওয়ার কথা বলতেন। পরে আসল স্বর্ণের বদলে পিতলের তৈরি নকল গয়না দিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে।
এমন একটি ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশ ও প্রশাসনকে খবর দেন। পরে ইউএনও মো. এরফানুল হক চৌধুরী, পুলিশ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী মিলে ছয়জনকে আটক করেন।
এ সময় চক্রের আরও একজন পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
ওসি মির্জা জহির উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।