থানায় হামলা: চট্টগ্রামে আরও দুই মামলা, আসামি ২৮ হাজার
নগরীর হালিশহর ও ডবলমুরিং থানা মঙ্গলবার এই দুই মামলা দায়ের করা হয়েছে।
সরকার পতনের পর চট্টগ্রামের বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরও দুইটি মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে ২৮ হাজার জনকে।
নগরীর হালিশহর ও ডবলমুরিং থানা মঙ্গলবার এই দুই মামলা দায়ের করা হয় বলে তথ্য দিয়েছন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
বিশেষ ক্ষমতা, বিস্ফোরক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় হালিশহর থানার মামলায় বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি লুটের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল ও মালখানায় রক্ষিত স্বর্ণালঙ্কারি এবং প্রায় সাড়ে চার কোটি টাকা লুট ও ক্ষয়-ক্ষতির অভিযোগও আনা হয়েছে।
এই মামলায় অজ্ঞাতনাম আসামি করা হয়েছে ১৫ থেকে ১৬ হাজার জনকে।
আর বিশেষ ক্ষমতা ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় ডবলমুরিং থানার মামলায় আসামি করা হয়েছে ১০ থেকে ১২ হাজার বক্তিকে।
এর আগে কোতোয়ালি, আকবরশাহ, ইপিজেড, পতেঙ্গা, সদরঘাট ও পাহাড়তলী থানায় পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা দায়ের হয়, যেসব মামলায় আসামি প্রায় ১ লাখ।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সে দিন বিকাল থেকে দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামেও থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা হয়।
আগুনে জ্বালিয়ে দেওয়া হয় কোতোয়ালি, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেড থানা। লুটপাট হয়েছে সেখানকার অস্ত্রাগার ও মালখানা।
কোতোয়ালী ও পাহাড়তলী থানা ভবনের অবকাঠামো ছাড়া অবশিষ্ট কিছুই নেই। আর পতেঙ্গা ও ইপিজেড থানা একেবারেই ব্যবহারের অনুপোযোগী হয়ে যায়।
আকবরশাহ, সদরঘাট, হালিশহর, ডবলমুরিং থানায় হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
আরও পড়ুন
