Published : 07 Aug 2026, 12:21 PM
নোয়াখালীর চৌমুহনীতে গুলিতে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। গুলিটি জেলা বিএনপির এক নেতাকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার মধ্যরাতে চৌমুহনীর হকার্স মার্কেটের মূল গলির ওবয়াদুলের চা দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান।
আহত ইয়াছিন সেন্টু (৪৫) জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেমের (৬০) সহযোগী। আবুল কাশেম নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আবুল কাশেম জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারে জাতীয় হর্কাস মার্কেটের অফিসে বসেছিলেন। রাত পৌনে ১২টার দিকে তিনি সহযোগী সেন্টুসহ অফিস থেকে বের হন।
তারা দুজন হাঁটতে হাঁটতে হর্কাস মার্কেটের মূলগলির ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছালে হামলাকারীরা গুলি ছোড়ে। এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করায় গুলিটি কাশেমের হাতে আঁচড় দিয়ে সেন্টুর বুকের বাম পাশে বিদ্ধ হয়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা আবুল কাশেমকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগী সেন্টুর বুকে লাগে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।