৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে: মন্ত্রী

সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 04:37 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপনে চেষ্টা করছে বলে বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, “বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য অগ্রাধিকার হচ্ছে রমজানটাকে ভালভাবে চালানো। আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল সামাল দেওয়া। এটি যদিও কঠিন। কিন্তু আমি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপনে চেষ্টা করছি।

“এটি টেকনিক্যাল জিনিস, দু-একটা ফল্টের কারণে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ ভাল থাকবে।”

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার দুপুরে প্রথম সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, “বিদ্যুৎ খাতে বিগত সময়ে রেখে যাওয়া বকেয়া এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে আমার জন্য কঠিন একটা অগ্নিপরীক্ষা। আমি চেষ্টা করছি, কিভাবে এটা ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।”

দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জ পৌঁছার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। 

এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

মন্ত্রী সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এরপর শিয়ালকোলের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের করব জিয়ারত করেন তিনি। 

কেন্দ্রীয় জামে মসজিদে বিদ্যুৎমন্ত্রীর ইফতার করার কথা রয়েছে।