১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসায় ককটেল হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘আলামত মেলেনি’

“আমার বাসার উঠানের সামনে আমাকে লক্ষ্য করে ককটেল হামলা করা হয়েছে। আমি তখন বাইরে ছিলাম।”

খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসায় ককটেল হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘আলামত মেলেনি’
ফাইল ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 02:38 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় শালবনে এ ঘটনা ঘটে বলে এয়াকুব আলী নিজেই জানিয়েছেন।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জামায়াত প্রার্থী এয়াকুব আলী বলেন, “আমার বাসার উঠানের সামনে আমাকে লক্ষ্য করে ককটেল হামলা করা হয়েছে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

“আমি তখন বাইরে ছিলাম। এই মুহূর্তে আমি ঢাকায় আছি। ওই ঘটনার পর থেকে নিরাপত্তাহীন বোধ করছি।”

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার জন্য জামায়াতের প্রার্থীর বাসার সামনে ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।”

তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু সাধারণত ককটেল বিস্ফোরণ হলে যে ধরনের আলামত থাকার সেরকম কিছু পায়নি। ঘটনাস্থলে একটা প্লাস্টিক পাওয়া গেছে। তারপরও উনার দাবি অনুযায়ী, সেটি ককটেলের অংশ কি-না তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।”

এ পুলিশ কর্মকর্তা বলছেন, “স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা আতশ বাজির শব্দ বলে জানিয়েছে। এছাড়া ককটেল বিস্ফোরণের যে ভিডিও ছড়ানো হচ্ছে সেটা এখানকার নয়। ভিডিওতে দেখা যাওয়া সড়কটি খাগড়াছড়ির নয়।"