১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ‘মুরগির দোকানের আড়ালে’ ইয়াবা ব্যবসা, নারী গ্রেপ্তার

ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন মর্জিনা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 09:34 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

গ্রেপ্তার গেন্দি ওরফে মর্জিনা আক্তার (৪০) সোনাহাট বানুরকুঠি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।

পুলিশের দাবি, সোনাহাট স্থলবন্দর এলাকায় ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে ইয়াবা ও গাঁজা বিক্রি করেন মর্জিনা। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন সময় চেষ্টা করলেও তিনি কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোলট্রি মুরগির দোকানের আড়ালে ইয়াবা কেনাবেচা করে আসছিলেন। 

পুলিশ জানায়, স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৩টি ইয়াবা ও মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।