১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাদিকে গুলি: সুনামগঞ্জ সীমান্তে কঠোর নজরদারি

ওসমান হাদির উপর হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য এই ব্যবস্থা।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য সুনামগঞ্জের সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি।

বিজিবি-২৮ সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া মোস্তফা বলেন, রোববার ভোর থেকে অধীন সীমান্ত এলাকায় নজরদারি, টহল তৎপরতা ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিয়মিত টহলের পাশাপাশি সম্ভাব্য ক্রসিং ও রি-ক্রসিং পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। সেসব স্থানে তল্লাশিও করছে বিজিবি।

এ ছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবি কর্মকর্তা বলেন, হামলার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে হামলাকারীদের ছবিসহ বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত বিতরণ করা হয়েছে। স্থানীয় জনগণকে যেকোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের পালিয়ে যাওয়ার সব সম্ভাব্য পথ বন্ধ করতে এই কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।