Published : 11 Jul 2026, 09:51 PM
খাগড়াছড়ির বন্যাদুর্গত মানুষের জন্য পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন।
তিনি বলেছেন, দুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ফসলি জমি ও অবকাঠামো পুনর্গঠনে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকালে খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এম ইকবাল হোসেন বলেন, “দুর্গতদের জন্য যা যা করণীয়, সরকার তার সবই করবে। আপাতত খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তীতে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, বন্যা পরিস্থিতি সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রীও দুর্গত মানুষের খোঁজ-খবর রাখছেন এবং তার নির্দেশনাতেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ, অবকাঠামো সংস্কার এবং ফসলের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ভূমিকার প্রশংসা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বন্যাকবলিত মাইসছড়ি বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।