সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলছে পুলিশ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানিয়েছেন।
নিহত ৪২ বছর বয়সী সাবিনা খাতুন একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও চিনাধুকুরিয়া গ্রামের সোলায়মান সরকারের মেয়ে ছিলেন।
তার লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি আসলাম আলী বলেন, “আট বছর বয়সী ছেলেকে নিয়ে একটি অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক সাবিনা।
“পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাবিনার মৃত্যু হয়। তবে তার ছেলে সুস্থ রয়েছে।”
ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
