০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুই ছেলে প্রবাসে, ‘ঋণের চাপ’: মানিকগঞ্জে ফাঁস নিলেন বৃদ্ধ

কুব্বাত আলী পারিবারিক আর্থিক সংকটের পাশাপাশি কয়েক লাখ টাকা ঋণের চাপে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।

দুই ছেলে প্রবাসে, ‘ঋণের চাপ’: মানিকগঞ্জে ফাঁস নিলেন বৃদ্ধ
মানিকগঞ্জের হরিরামপুর থানার সামনে স্বজনদের ভিড়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 06:25 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘ঋণের চাপে’ আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

সোমবার সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।

মৃত কুব্বাত আলী বেপারী (৬১) ওই গ্রামের প্রয়াত পাহালি বেপারীর ছেলে।

ওসি আফজাল হোসেন বলেন, “কুব্বাত আলীর দুই ছেলে প্রবাসে থাকেন। তার বড় ছেলে ওলি প্রায় ১০ থেকে ১২ বছর ধরে বিদেশে থাকলেও বাবাকে নিয়মিত আর্থিক সহায়তা করতেন না বলে অভিযোগ রয়েছে।”

তিনি বলেন, কুব্বাত আলীর অপর ছেলেও বিদেশে গিয়ে প্রত্যাশিত আয় করতে পারছিলেন না। তিনিও বাবাকে আর্থিক সহায়তা করতে পারতেন না বলে স্বজনরা জানান।

প্রতিবেশীরা জানান, সোমবার সকালে বাজার থেকে বাড়িতে ফেরেন কুব্বাত আলী। পরে তিনি নিজ বসতঘরের শোবার ঘরে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

প্রতিবেশী আবুল হাশেম  বলেন, “কুব্বাত আলীর বড় ছেলে ওলি দীর্ঘদিন ধরে বিদেশে থাকলেও বাবাকে তেমন টাকা-পয়সা দিতেন না। আরেক ছেলেও বিদেশ গিয়ে ভালো আয় করতে পারেননি।

“এ কারণে কুব্বাত আলী অনেকটা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। পারিবারিক আর্থিক সংকটের পাশাপাশি কয়েক লাখ টাকা সুদে নেওয়া ঋণের চাপে ছিলেন কুব্বাত। তিনি খুবই সহজ সরল মানুষ ছিলেন।”

বয়ড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেম বলেন, পারিবারিক আর্থিক সংকটের পাশাপাশি কয়েক লাখ টাকা ঋণের চাপে ছিলেন কুব্বাত আলী।

ওসি আফজাল হোসেন বলেন, আর্থিক সংকট ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কুব্বাত আলী আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।