১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে পদ্মায় ধরা ৩৫ কেজির বাঘাইড় ৮৭ হাজারে বিক্রি

উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি দুই হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 03:59 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার ভোরে উপজেলার দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা-যমুনার মোহনায় স্থানীয় জেলে কৃঞ্চ হলদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

কৃঞ্চ হলদার বলেন, ভোরে তিনি ও তার দলের কয়েকজন মাছ ধরতে নদীতে যান। বিভিন্ন স্থানে জাল ফেলার পর মোহনা এলাকায় জাল তুলতে গিয়ে বাঘাইড় মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে ওজন করা হলে ৩৫ কেজি পাওয়া যায়।

স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি দুই হাজার ৫০০ টাকা দরে মোট ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সামান্য লাভ পেলেই মাছটি বিক্রি করা হবে।

রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ ধরার বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখতে গোয়ালন্দের বন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।