Published : 01 Jul 2026, 05:15 PM
রংপুরে হিমাগারের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কাফনের কাপড় পরে গণ-অনশন কর্মসূচি পালন করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতি এবং রংপুর বিভাগীয় আলু চাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা আলু চাষি, ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন।
এ সময় বক্তারা অবিলম্বে হিমাগার ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং কৃষকবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে তারা কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
রংপুর রজেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করেন, প্রতিবছর হিমাগার মালিকরা আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি করছেন। এতে একদিকে কৃষকরা উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।”

তিনি বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে আলুর বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
গণ-অনশন চলাকালে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের আলু ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন, “হিমাগার মালিকদের বৈষম্যমূলক আচরণ ও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে আমরা আজ কাফনের কাপড় পরে রাজপথে নেমেছি। কৃষকের ন্যায্য অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
নগরীর ৮ নম্বর ওয়ার্ডের কৃষক ও আলু ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব বলেন, “আমরা আগামী ১০ জুলাই পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আমরা নিজেরাই একটি কমিটি গঠন করে বিষয়টির সমাধান করবো।
“এতে যদি কোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে তার দায়-দায়িত্ব জেলা প্রশাসনকে নিতে হবে।”
দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন রংপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান।