১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোক্তা ও কৃষকের স্বার্থ বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেয়: খাদ্যমন্ত্রী

“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। এই ক্ষুধাকে জয় করতে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।“

ভোক্তা ও কৃষকের স্বার্থ বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেয়: খাদ্যমন্ত্রী
নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 05:10 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

ভোক্তা ও কৃষকের স্বার্থ বিবেচনায় নিয়েই সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

বর্তমান সরকার কৃষকবান্ধব মন্তব্য করে তিনি বলেন, “চলমান বোরো সংগ্রহে সরকার চালের দাম এক টাকা বাড়িয়েছে কিন্তু ধানের দাম দুই টাকা বাড়িয়েছে।”

সোমবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন ও বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী বলেন, “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। এই ক্ষুধাকে জয় করতে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ধান রোপণ ও ধান কাটায় প্রযুক্তির ব্যবহার করতে হবে।”

তিনি বলেন, “আমাদের দেশে ধান কাটার সময় শ্রমিক সংকট হয়। হাজার-বারশ টাকা দিলেও শ্রমিক মিলে না। মেশিনের মাধ্যমে সহজেই অল্প সময়ে অধিক জমির ফসল তোলা সম্ভব।

“কৃষক ধীরে ধীরে প্রযুক্তিগত সুবিধা নিতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কাছে প্রযুক্তি পৌঁছে দিচ্ছে কোনটা বিনামূল্যে, আবার কোনটা ভর্তুকি মূল্যে দিচ্ছেন।”

সাধন চন্দ্র বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোথাও যেন এক ইঞ্চি জমিও পতিত না থাকে। সে কারণে চাষাবাদ বাড়াতে হবে। 

“ঘরের আশপাশের জমিতেও মরিচ-পেঁয়াজ এর চাষ করলে পরিবারের খরচ কমবে। দেশের সামগ্রিক উৎপাদনে এটার গুরুত্ব আছে।”

শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা উপবৃত্তি দিয়ে নৃ-জাতিগোষ্ঠীর ছেলেমেয়েদের পড়ালেখায় উৎসাহিত করছেন। 

“তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একই প্লাটফর্মে নিয়ে আসতে চান। উন্নয়ন করতে চান সবার। উন্নয়ন থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছেন তিনি।” 

এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, “ট্রানজিট এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ বাড়ায়। বিশ্বায়নের যুগে একা থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে না।” 

তিনি বলেন, “দেশের উন্নয়নে শেখ হাসিনা কাজ করেন, বঙ্গবন্ধুকন্যা গোলামি চুক্তি করেননি। বিএনপি মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে।” 

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওসি আতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির।