নির্মাণাধীন ভবনে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ
“নিহতের শরীরের একটি পায়ের উপরের অংশে ছ্যাঁচড়ানো দাগ রয়েছে।”
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার খাদের গাঁও গ্রামের মফিজুল ইসলাম প্রধানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় রডের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি পাওয়া যায় বলে মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ জানান।
মৃত নজরুল ইসলাম ঢালী (৫৫) খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, সোমবার বিকালে স্বামীর সঙ্গে ফোনে তার শেষ কথা হয়। রাত ৮টার পর থেকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি।
তার দাবি, তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, “নিহতের শরীরের একটি পায়ের উপরের অংশে ছ্যাঁচড়ানো দাগ রয়েছে। আর কোন অংশে আঘাতের চিহ্ন নেই। প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত কাজ চলছে।”
নিহতের লাশ ময়নাদতন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি সালেহ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
