১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে জমির বিরোধে ছুরিকাঘাতে চাচা খুন

ঘরে ঢুকে পরিবারের লোকজনের সামনে শামীমকে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 08:51 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

কিশোরগঞ্জ সদরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।

সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হারুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুল কালাম ভূঁইয়া। 

নিহত মো. শামীম (৩০) ওই এলাকার প্রয়াত গিয়াস উদ্দিনের ছেলে।

ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, শামীমের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের দোকানসহ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এদিন সকালে ঘরে ঢুকে পরিবারের লোকজনের সামনে শামীমকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা শামীমকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামীমের স্ত্রী নাসরিন বলেন, “আমাদের সবার সামনে লিংকন এসে আমার স্বামীর পেটে ছুরি মেরেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।”

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া মামলা প্রক্রিয়াধীন।