১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে সাড়ে ৩ কোটি টাকার খাস জমি উদ্ধার

অভিযানে ভেকু দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 03:14 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় অভিযান চালিয়ে এ জমি দখলমুক্ত করা হয় বলে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন শুক্রবার সকালে। 

জেলা প্রশাসন জানায়, ওই এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরও পাঁচ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশে নির্বাহী হাকিম মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে ভেকু দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়; উদ্ধার করা জমির আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৫০ লাখ টাকা।

সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী হাকিম মেজবাহ উদ্দিন আহমেদ।