Published : 01 Jun 2026, 07:24 PM
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ‘রেকটিফায়েড স্পিরিট পানে’ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সকালে উপজেলার বালারহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিঠাপুকুর থানার ওসি এরশাদ আহমেদ।
ঘটনাটি জানাজানি হলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ এবং থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার প্রয়াত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫), সংগ্রামপুর বেলতলা এলাকার প্রয়াত কফুর উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (৫৫) এবং পার্শ্ববর্তী কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের প্রয়াত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৬০)।
গুরুতর অসুস্থ এরশাদ মিয়া (৪০) বুজরুক ঝালই পাকারমাথা এলাকার প্রয়াত সুলতান আলীর ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রোববার রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ রেকটিফায়েড স্পিরিট পান করেন। পরে বাড়ি ফিরে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনের বাড়িতে এবং অপর দুইজনের হাসপাতালে মৃত্যু হয়।
হুজুর আলী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে হাসপাতালের প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যাটাকের কথা বলা হয়েছে। অপরদিকে ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে বসবাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তার মৃত্যু হয়। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সাজু মিয়া মারা যান।
বালারহাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুজা মিয়া বলেন, রাতে কোনো এক সময় তারা ‘রেকটিফায়েড স্পিরিট’ পান করে নিজ নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিদুল ইসলাম বলেন, ওই তিনজন রেকটিফায়েড স্পিরিট পান করেই মারা গেছেন। লাশ যাতে পোস্টমর্টেম করাতে না হয়, সেজন্য স্বজনরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
ওসি এরশাদ আহমেদ বলেন, “হুজুর আলী নামের একজনের কার্ডিয়াক অ্যাটাকে হাসপাতালে মৃত্যু হয়েছে। অপর দুজনের মদপানে মৃত্যু হয়েছে কি-না জানি না। পরিবারের লোকজন বলছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। বিষয়টি অধিকর তদন্ত করে দেখা হচ্ছে।”
ইউএনও পারভেজ বলেন, “দুইজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে জানতে পারি আরও একজনের মারা গেছেন। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”