১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে জাল টাকা, তৈরির সরঞ্জামসহ তরুণ আটক

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানায়, তার বাড়িতে আরও জাল টাকা ও তৈরির সরঞ্জাম রয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 02:41 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরে বিপুল অংকের জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক তরুণকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার বিকালে যশোর শহরের মণিহার এলাকায় একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব যশোরের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক।

আটক ইব্রাহিম গাজি (১৯) সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পাঠানো র‌্যাবের বার্তায় বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় মণিহার এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়। 

সেখান থেকে আটক করা হয় ইব্রাহিম গাজিকে, তার কাছ থেকে ৯০ হাজার টাকার ১ হাজার ও ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানায়, তার বাড়িতে আরও জাল টাকা ও তৈরির সরঞ্জাম রয়েছে। 

এর প্রেক্ষিতে র‌্যাবের আভিযানিক দল বৃহস্পতিবার রাত সোয়া ৭টায় ইব্রাহিমকে সঙ্গে নিয়ে পাটকেলঘাটার গণেশপুরে পৌঁছায়। 

সেখান থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ প্রয়োজনীয় সামগ্রী ও সরঞ্জামাদি এবং ৩ লাখ ৩৯ হাজার ৬০০ জাল টাকা উদ্ধার করা হয়। উদ্ধার জাল টাকার মধ্যে ৫০০, ২০০ টাকার নোটের পাশাপাশি ১০০-৫০ টাকার নোটও ছিল। 

রাতে যশোরে পৌঁছে আটককে জব্দ জাল টাকা ও সরঞ্জামসহ যশোর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে র‌্যাবের বার্তায়।