আড়িয়াল খাঁয় ট্রলার ডুবে নিখোঁজ ১
রাতে বনভোজন থেকে ফেরার পথে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বনভোজনের ট্রলার ডুবে একজন নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সুমন সিপাহী (২৫) একই এলাকার কালু সিপাহীর ছেলে।
এই ঘটনায় আহত কয়েকজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসী জানিয়েছেন।
“রাতে উদ্ধার অভিযান চালানোর মত যন্ত্রপাতি নেই। নিখোঁজ ব্যক্তির সন্ধানে শনিবার ভোরে অভিযান শুরু হবে।”
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, শুক্রবার বিকালে ওই এলাকার একদল যুবক ট্রলারে করে বনভোজনে যান। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।
