১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গ্যাস না পেয়ে নরসিংদীতে মহাসড়ক অবরোধ অটোরিকশা চালকদের

অবরোধের কারণে পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 10:18 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

গ্যাস না পেয়ে নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ঘোড়াশাল বাইপাস এলাকায় চালকেরা  পাঁচদোনা-টঙ্গী মহাসড়ক অবরোধ করেন বলে জানান পলাশ থানার ওসি শাহেদ আল মামুন।

এতে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চালকেরা জানান, ঘোড়াশাল বাইপাস এলাকার একমাত্র গ্যাস পাম্প নাজমুল সিএনজি ফিলিং স্টেশন থেকে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহ করা হয়। এতে এমনিতেই গ্যাস নিতে দীর্ঘ সময় লাগত। 

এর মধ্যে বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর পাম্পটিতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। গ্যাস না পেয়ে অটোরিকশা চালাতে পারেননি তারা। 

ওসি শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে যান। তারা চালকদের সঙ্গে কথা বলেন এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন। 

পরে চালকেরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।