১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শেরপুরে বন্যহাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে চা দোকানির মৃত্যু

গারো পাহাড়ি এলাকায় সপ্তাহ দুয়েক ধরে ৩০ থেকে ৪০টি বন্যহাতির দল অবস্থান করছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ি এলাকায় বন্যহাতির ভিডিও করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক চা দোকানির মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে উপজেলার মালাকোচার সোনাজুরি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম

নিহত ফারুক মিয়া (৪০) পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ জানায়, উপজেলার বালিজুড়ি পাহাড়ের টিলায় সপ্তাহ দুয়েক ধরে ৩০ থেকে ৪০টি বন্যহাতির দল অবস্থান করছিল। বেলা ৩টার দিকে সোনাজুরি এলাকার একটি বাগানে হাতিগুলো অবস্থান নেয়। এ সময় হাতির পালকে উত্ত্যক্ত এবং কাছে গিয়ে ভিডিও করতে যান ফারুক মিয়া।

এতে হাতির পাল তার দিকে তেড়ে আসে। ফারুক দৌড়তে গিয়ে মাটিতে পড়ে গেলে হাতি তাকে পায়ে পিষ্ট ও শুর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, “সম্প্রতি অতি উৎসাহী কিছু মানুষ বনে প্রবেশ করে বন্যহাতিকে উৎপাত শুরু করেছে। আমরা মাইকিং ও প্রচার চালাচ্ছি। সীমিত জনবল দিয়ে প্রতিরোধের চেষ্টাও করছি। বিকালে বন্যহাতিকে উত্ত্যক্ত এবং ভিডিও করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।”

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিদুল ইসলাম বলেন, বন্যহাতির আক্রমণে ফারুকের অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ওসি নুরুল আলম বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।