১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চাঁদপুরে ২৭ জেলে আটক

অভিযানে ৩৩৬ কেজি ইলিশ, ৯ লাখ ১ হাজার ৩০০ মিটার জাল, পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা এবং দুইটি ড্রেজারও জব্দ করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 01:14 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় চাঁদপুরে ২৭ জেলেকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চাঁদপুরে পদ্মা মেঘনা-নদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে বুধবার সকালে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন।

এসব অভিযানে ৩৩৬ কেজি ইলিশ, ৯ লাখ ১ হাজার ৩০০ মিটার জাল, পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা এবং দুইটি ড্রেজারও জব্দ করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ পৃথক অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় নদীতে মাছ ধরা অবস্থায় ২৭ জেলেকে আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে। 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে ১১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে চারটি মামলা করা হয়। 

এছাড়া জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। 

তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার জব্দ করা হয়। এই ঘটনায় ড্রেজার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।