Published : 24 Jun 2026, 07:07 PM
গাইবান্ধা সদর উপজেলায় একটি রেস্তোরাঁর ভেতরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে ওই রেস্তোরাঁর এক কর্মীচারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ জনতা রেস্তোরাঁটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দুপুরে খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া গ্রামের ভেরামারা ব্রিজ সংলগ্ন এলাকায় ‘জাফলং চাইনিজ ফাস্টফুড অ্যান্ড রোস্তোরাঁ’য় এ ঘটনা ঘটে।

আটক আমির হোসেন সদর উপজেলার দারিয়াপুর গ্রামের জয়নুল আবেদিনের ছেলে এবং ওই রোস্তোরাঁর কর্মচারী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভেরামারা রেলওয়ে ব্রিজের নিচে বড় বড় পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানির স্রোত দেখতে বিকালে পর বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। দর্শনার্থীদের কেন্দ্র করে সেখানে কয়েকটি রেস্তোরাঁ গড়ে উঠেছে। তবে দিনের বেশিরভাগ সময় এলাকাটি তুলনামূলক নির্জন থাকে।
বুধবার বেলা ১১টার দিকে রেস্তোরাঁ কর্মচারী আমির হোসেন ছয় বছর বয়সী এক শিশুকে রেস্তোরাঁর ভেতরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা রেস্তোরাঁটি ঘিরে ফেলে এবং আমির হোসেনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রেস্তোরাঁটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে রেস্তোরাঁটি পুড়ে যায়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “রোস্তোরাঁর কর্মচারী আমির উদ্দিনকে থানায় নিয়ে আসা হয়েছে। আর শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ওসি বলেন, ঘটনাটির তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।