১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আশাদুলকে আটক করে স্থানীয়রা।

নওগাঁয় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
গুরুতর আহত আশাদুলকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 04:48 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

নওগাঁর বদলগাছীতে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শনিবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বদলাগাছী থানার ওসি আনিসুর রহমান। 

নিহত আশাদুল ওরফে বিয়া (৪২) উপজেলার কোলা পালশা গ্রামের আব্দুলের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরে ওই গ্রামের ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে ডাকাতি করতে যায় ৫-৬ জনের ডাকাতদল। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। 

এ সময় আলামিন হোসেনের পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আশাদুলকে আটক করে স্থানীয়রা। পরে তাকে হাত-পা বেধে মারধর করে গুরুতর আহত করা হয়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয় কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আনিসুর রহমান বলেন, নিহত আশাদুলের নামে আগের ডাকাতি মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণে প্রস্তুতি চলছে।