১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গাছের পরিচর্যার সময় ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

বসত বাড়িতে লাগানো ফুল গাছের পরিচর্যার এক পর্যায়ে একাধিক ভিমরুল তার মাথায় কামড় দেয়।

চাঁদপুরে গাছের পরিচর্যার সময় ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
নিহত ফরহাদ হোসেন সোহাগ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 09:04 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

চাঁদপুর শহরে বসত বাড়ির বাগানে ফুল গাছের পরিচর্যা করার সময় ভিমরুলের কামড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ তরুপুরচণ্ডী খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আসিবুল আহসান।

নিহত ফরহাদ হোসেন সোহাগ (৪৫) ওই বাড়ির প্রয়াত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি এক ছেলে সন্তানের জনক। পেশায় তিনি ডেভেলপার ব্যবসায়ী ছিলেন।

সোহাগের চাচা শ্বশুর মো. নাছির আলম বলেন, সোহাগ ফুলগাছের পরিচর্যা করতে গেলে একাধিক ভিমরুল তার মাথায় কামড় দেয়। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসক আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেছেন।

এদিকে রাত ৮টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোহাগের দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন স্বজনরা।