১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স ও অটোরিকশা সংঘর্ষে নিহত ২

এ ঘটনায় চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স ও অটোরিকশা সংঘর্ষে নিহত ২
অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 08:18 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ময়মনসিংহের তারাকান্দায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত; চারজন আহত হয়েছেন।   

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার  হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান।  

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তাদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসান বলেন, ওই ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই দুজন মারা যান; গুরুতর আহত হন চারজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি টিপু সুলতান বলেন, নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের নাম-ঠিকানা জানান চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।