ভাইদের জমির বিরোধে প্রাণ গেল ঈদের দাওয়াতে আসা শ্যালকের
নীলফামারীর কিশোরগঞ্জের মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ জনের সঙ্গে আরেক ছেলে আমিন উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
নীলফামারীর কিশোরগঞ্জে ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক যুবক। তিনি ঈদের দাওয়াতে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
উপজেলার মাগুড়া দোলাপাড়া এলাকায় সোমবারের এ ঘটনায় মঙ্গলবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি লুৎফর রহমান।
নিহত রেজাউল করিম (৪০) ওই গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে। তার বোন জামাই আমিন উদ্দিনসহ দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের স্বজন ও আহতদের বরাতে পুলিশ জানায়, গ্রামের গড়েরপাড়ের মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর এক ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
সোমবার আমিন উদ্দিনের বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে দাওয়াত খেতে আসেন শ্যালক রেজাউল করিম। এ সময়ে আমিন উদ্দিনের ভাইয়েরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে রেজাউল করিম, আমিন উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে থাকা আমিন উদ্দিন বলেন, “ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারা আমাকে জমিতে যেতে দেয় না। এনিয়ে গ্রাম আদালতে একাধিকবার মীমাংসা করার চেষ্টা করা হলেও তারা তা শুনেনি। ফলে আমি আদালতে মামলা করি, যা চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, “সোমবার আমার শ্যালক দাওয়াত খেতে আসলে তারা (ভাইয়েরা) লাঠিসোঁটা, ছুরি দিয়ে আমাদের ওপর হামলা করে। তারা আমাদের খুব মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে।
“পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। সেইখানে চিকিৎসাধীন অবস্থায় আমার শ্যালক মারা যায়। আমি এর বিচার চাই।”
কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি লুৎফর রহমান বলেন, “এ ঘটনায় মামলা করা হয়েছে, তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলমান আছে।”
