গাজীপুরে পরিত্যক্ত বাড়িতে ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ
পুলিশের ধারণা, নবজাতকদের বয়স ১ থেকে ২ দিন। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত একটি বাড়ির ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা—বরমী আঞ্চলিক সড়কের পাশে ওই বাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান।
স্থানীয়রা জানান, আনসার টেপিরবাড়ী মাটির মসজিদ সংলগ্ন সড়কের পাশের ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো কিছু দেখতে পায় রুবেল নামের একজন। পরে কাছে গিয়ে ব্যাগ খুলে ভেতরে শিশুর লাশ পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশের ধারণা, নবজাতকদের বয়স ১ থেকে ২ দিন। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আব্দুল বারিক বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয় ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
