পিরোজপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে প্রাণ গেল যুবকের
সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির নিচে রাসেলকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান।
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে মঠবাড়িয়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম।
নিহত মো. রাসেল হাওলাদার (৩৬) ওই ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।
ওসি রবিউল বলেন, শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে রাসেলকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে যায়।
“ধারণা করা হচ্ছে গভীর রাতে ট্রান্সফরমার চুরি করতে রাসেল বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। কিন্তু অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।”
ওসি আরও বলেন, এ বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
