১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে ২ পিকআপের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

মনির হোসেন পিয়ারাপুর বাজার থেকে কাঁচা তরকারি  কিনে পিকআপ ভ্যানে নিয়ে রামগতির দিকে যাচ্ছিলেন।

লক্ষ্মীপুরে ২ পিকআপের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগর থানা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 06:56 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

লক্ষ্মীপুরের কমলনগরে একটি পিকআপ ভ্যানে আরেক পিকআপের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে উপজেলার হাজিরহাট এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম। 

মনির হোসেন (৪৫) রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে ও পেশায় সবজির ব্যবসায়ী ছিলেন।

ওসি তৌহিদুল জানান, মনির হোসেন সদর উপজেলার পিয়ারাপুর বাজার থেকে কাঁচা তরকারি কিনে পিকআপ ভ্যানে নিয়ে রামগতির দিকে যাচ্ছিলেন।

পথে হাজিরহাট এলাকায় পৌঁছলে পিকআপটিতে আরেকটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই মনির মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

ওসি তৌহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় মৃত্যু নিয়ে আমরা মামলার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু নিহতের পরিবার মামলা করবেন না, তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চাচ্ছে। 

“এজন্য তারা জেলা প্রশাসকের কাছে আবেদন করবেন। মরদেহ থানায় রয়েছে।”