Published : 16 Jun 2026, 07:00 PM
চিকিৎসার আশায় রাজবাড়ীর পাংশা উপজেলার সেই অসুস্থ হনুমানটি আবার ক্লিনিকে এসেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার হামিদা মেডিকেল সেন্টারে এসে ঢুকে পড়ে হনুমানটি।
প্রত্যক্ষদর্শী সৈয়দ মেহেদী হাসান বলেন, দুপুরে হনুমানটি দুর্বল ও অসুস্থ অবস্থায় ক্লিনিকের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ এদিক-সেদিক ঘোরাঘুরির পর সেটি শান্তভাবে বসে থাকে। বিষয়টি নজরে এলে ক্লিনিকের চিকিৎসক ও কর্মচারীরা প্রাণীটির প্রতি সহানুভূতি দেখান এবং প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ক্লিনিকে ভিড় জমায়। অনেকে ধারণা করছেন, অসুস্থতা ও খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে চলে এসেছে। কেউ কলা, কেউ রুটি দিচ্ছে হনুমানটিকে।
পাংশা উপজেলা বন কর্মকর্তা আজিজুল হক বলেন, হনুমানটিকে আটক করা হয়েছে। এরই মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হনুমানটিকে রাখার জন্য খাঁচা তৈরি করতে দেওয়া হয়েছে। খাঁচা তৈরি হয়ে গেলে তাকে রাজবাড়ীতে নেওয়া হবে। এরপর ঊর্দ্ধতনদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, খবর পেয়ে বনবিভাগ ও প্রাণিসম্পদ কর্মকর্তারা ওই ক্লিনিকে গিয়েছেন। এরই মধ্যে বনবিভাগের ওয়ারলেস টিমকে খবর দেওয়া হয়েছে। বনবিভাগ অসুস্থ হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
সানজিদা সুলতানা বলেন, এর আগেও হনুমানটি একটি ক্লিনিকে ঢুকে পড়েছিলে অসুস্থ অবস্থায়। তখন বনবিভাগের কর্মকর্তারা আটকের চেষ্টা করলেও পালিয়ে যায়।