Published : 10 May 2026, 06:31 PM
চুয়াডাঙ্গার উৎপাদিত আম বাজারে পাওয়া যাবে বুধবার থেকে। এদিন থেকে আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ শুরু হবে। এ ছাড় বাকি আম সংগ্রহেরও ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আম সংগ্রহের ক্যালেন্ডার প্রস্তুত উপলক্ষে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে সভায় জানানো হয়, আগামী ১৩ মে থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ করা যাবে। পর্যায়ক্রমে ২০ মে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ শুরু হবে।
সভা শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আম সংগ্রহের জন্য যে ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে, তা আম বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই মানতে হবে। এর ব্যত্যয় ঘটলে জরিমানার আওতায় আনা হবে।

এ ছাড়া আমে কোনও ধরনের রাসায়নিক বা ফরমালিন মেশানোর প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করবে বলেও জানান লুৎফুন নাহার।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, কৃষি মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, চুয়াডাঙ্গা আম ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম এবং শাহ আলম সনি উপস্থিত ছিলেন।