Published : 22 Jan 2026, 08:35 PM
চাঁদপুরে মেঘনা নদীতে জেলেদের জালে মহাবিপন্ন প্রজাতির একটি ২০ কেজি ওজেনের বাঘাইড় মাছ ধরা পড়েছে, যেটি বিক্রি হয়েছে প্রায় ৪৯ হাজার টাকায়।
বৃহস্পতিবার দুপুরে শহরের বড় স্টেশন এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের ‘ইলিশ আপডেট’ মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়।
আড়তের ব্যবসায়ী আব্দুল কাবির বলেন, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে বড় আকৃতির বাঘাইড় মাছটি। পরে জেলেরা মাছটি ঘাটে নিয়ে আসেন। সেখানে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন তিনি।
তিনি বলেন, মাছটির ওজন ছিল ২০ কেজি ৬০০ গ্রাম। নিলামে মাছটির প্রতিকেজি মূল্য নির্ধারণ করা হয় এক হাজার ৯০০ টাকা। মাছটির দাম দাঁড়ায় প্রায় ৪৯ হাজার টাকা। নিলাম শেষে ঢাকার এক ব্যক্তি মাছটি কিনে নেন।
চাঁদপুর মাছঘাটে মাঝে মধ্যে এমন মাছ উঠলেও, এত বেশি দামে বিক্রির ঘটনা খুব কম বলে জানান ব্যবসায়ী আব্দুল কাবির।
মেঘনা নদীতে এত বড় আকৃতির বাঘাইড় মাছ খুবই বিরল। জালে বড় মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যেও উৎসাহ ও আনন্দ দেখা গেছে।
স্বাদ ও গুণগত মানের কারণে বাঘাইড় মাছের চাহিদা দিন দিন বাড়ছে, বিশেষ করে বড় আকারের মাছ হলে দাম আরও বেশি পাওয়া যায় বলে ধারণা ব্যবসায়ীদের।