১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিস্তার ভয়াল থাবা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিন: আলাল

‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ ব্যানারে বি‌কা‌লে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পাড়ে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন বিএনপির এই নেতা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 06:47 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

তিস্তার ভয়াল থাবা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল। 

তিনি ব‌লেছেন, “আন্তর্জাতিক বন্ধুদের বলব, নিরপেক্ষ আচরণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তিস্তার এই ভয়াল থাবা থেকে মুক্তি দিন।”

‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ ব্যানারে সোমবার বি‌কা‌লে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাট তিস্তা নদী পাড়ে দু্ই দিনব‌্যাপী অবস্থান কর্মসূচিতে এসব কথা ব‌লেন তি‌নি।

বন‌্যা ও ভাঙন কব‌লিত মানুষের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে আলাল ব‌লেন, বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, কখনও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনও তা‌রেক রহমানের নেতৃত্বে আস্থা স্থাপন করেছে মানুষ। তার নজির আজকের এই বিশাল গণজমায়েত।

আলাল বলেন, “আমরা বিদেশি‌দের কাছে প্রভুত্ব চাই না, বন্ধুত্ব চাই। এই কথাটি প্রমাণ করার জন্যই তিস্তা পাড়ে আজকের এই সমাবেশ।”

‘জা‌গো বা‌হে তিস্তা বাঁচাই’ স্লোগা‌নে কুড়িগ্রাম জেলা শাখার আয়োজ‌নে এই কর্মসূ‌চি‌তে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু এবং হাসিবুর রহমান হাসিব উপ‌স্থিত ছি‌লেন।

এ ছাড়া উলিপুর উপ‌জেলার থেতরাই ইউনিয়নের পাকার মাথায় তিস্তা তীরে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ ক‌মি‌টির আয়োজ‌নে দুই দি‌নব‌্যাপী অবস্থান কর্মসূ‌চি‌ পা‌লিত হচ্ছে।

এতে উলিপুর উপ‌জেলা শাখা বিএন‌পির সদ‌্য সা‌বেক সভাপ‌তি হায়দার আলী মিঞা, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হা‌বিব নয়ন এবং যুবদল নেতা আপন আলমগীর বক্তব্য দেন।

সোমবার সকাল থেকে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীসহ উত্তরাঞ্চলের ১১টি স্থানে একযোগে এই প্রতিবাদ কর্মসূচি চলছে। এ ছাড়া তিস্তার ২৪২ কিলোমিটার বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা।