১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে কলেজ ছাত্রকে অপহরণ মামলায় বাবা-মেয়ে গ্রেপ্তার

নিখোঁজের সাত দিনেও উদ্ধার হননি ১৭ বছরের ওই কলেজ ছাত্র।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 12:25 AM

Updated : 26 Aug 2026, 10:54 AM

শেরপুরে কলেজ ছাত্রকে অপহরণের মামলায় বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাতে শেরপুর শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অপহরণের সাত দিনেও সন্ধান মেলেনি ওই কলেজ ছাত্রের। 

রোববার রাতে ওই ছাত্রের বাবার লিখিত অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয় বলে শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান। 

মামলায় গ্রেপ্তার বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ ও  অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনি জনকে আসামি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ওই কলেজ ছাত্র ও গ্রেপ্তার মেয়েটি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

সম্প্রতি সহপাঠী ছেলেটিকে দেওয়া প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় মেয়েটি ক্ষুব্ধ হন। 

গত ৪ নভেম্বর সন্ধ্যায় ছেলেটি কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় মেয়েটির উপস্থিতিতে কয়েক যুবক জোর করে একটি অটোরিকশায় উঠিয়ে তাকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।

কয়েক দিনেও সন্ধান না পেয়ে মা-বাবা, এলাকাবাসী ও ছেলেটির কয়েকজন সহপাঠী রোববার দুপুরে শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। 

তারা কলেজ ছাত্রকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, “পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা-মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে কলেজ ছাত্রকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

এ বিষয়ে এসপি আমিনুল ইসলাম বলেন, “পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ রয়েছে।”