১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে শিক্ষা সফরের বাস উল্টে খাদে, আহত ১২

খুলনার দাকোপ থেকে আসা বাসটি ৫০ জন আরোহী নিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে যাচ্ছিল বলে জানায় পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 09:19 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের কেশবপুর উপজেলায় শিক্ষা সফরের একটি বাস উল্টে খাদের পড়ে গেছে; এতে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

খুলনার দাকোপ থেকে আসা বাসটি বুধবার বিকালে উপজেলার ত্রিমোহিনী বড় চাঁদড়া মসজিদ এলাকায় পুলেরহাট-রাজগঞ্জ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান কেশবপুর থানার ওসি সুকদেব রায়।

আহতদের মধ্যে দুইজন শিক্ষক, সাতজন শিক্ষার্থী ও তিনজন কর্মচারী ছিলেন। তারা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি সুকদেব রায় বলেন, দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের শিক্ষা সফরের একটি বাস সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে যাচ্ছিল। ৫০ জন আরোহীর বাসটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। 

তাৎক্ষণিক স্থানীয়রা বাসের জানালার কাচ ভেঙে আরোহীদের উদ্ধার করেন। তাদের মধ্যে আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে তারা দাকোপের দিকে রওনা হন।

বাজুয়া সুরেন্দ্র নাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্যামল রায় বলেন, শিক্ষা সফরের অংশ হিসেবে চারটি বাসে করে কলেজের ২০০ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী নিয়ে যশোরের গদখালী ও বিমানবন্দর ঘুরে সাগরদাঁড়িতে যাওয়ার পথে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। বাসটিতে ৫০ জন আরোহী ছিল।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্য তিনটি বাস নিয়ে দাকোপের উদ্দেশে রওনা হয় বলে জানান অধ্যক্ষ শ্যামল রায়।

কেশবপুর থানার ওসি সুকদেব রায় বলেন, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতায় বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।