হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেট রেল বিচ্ছিন্ন
মনতলায় এ দুর্ঘটনা ঘটে বলে নোয়াপাড়া স্টেশন মাস্টার মনির মিয়া জানান।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার মনতলায় এ দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে। ট্রেনে থাকা জ্বালানি তেল আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় কিছু মানুষকে তা বালতি ভরে নিয়ে যেতে দেখা গেছে।
স্টেশন মাস্টার বলেন, উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি চলছে। উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে আসছে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, “আমরা ঘটনাস্থলে এসেছি। রেল কর্তৃপক্ষ ট্রেনটি উদ্ধারের জন্য যোগাযোগ করছেন। এ ছাড়া তেল উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও রয়েছে।”
