Published : 07 Oct 2025, 07:36 PM
কুমিল্লার মেঘনা উপজেলায় নৌ পথে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন দুজন।
মঙ্গলবার সকালে উপজেলার নলচর গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানান।
আহতরা হলেন- এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নলচর গ্রামের আব্দুল বারেকের ছেলে বিএনপি কর্মী মো. রানা (২৭) এবং নলচর গ্রামের রউফ মিয়ার ছেলে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন (১৮)।
এর আগে সোমবার বিকালে মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদী থেকে চাঁদাবাজির সময় কুমিল্লার তিতাস উপজেলার সরস্বতী চর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আক্তার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
নৌ পুলিশ কর্মকর্তা আজমগীর হোসাইন জানান, সকাল ৯টার দিকে এক সুকানি ফোন করে জানান, কিছু চাঁদাবাজ তাদের মারধর করছে টাকার জন্য। খবর পেয়ে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা তাদের লক্ষ্য করে টেঁটা নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।
“বাল্কহেডের এক সুকানি পুলিশের কাছে অভিযোগ করেছেন, এদিক দিয়ে আসা-যাওয়া করতে হলে প্রতিনিয়ত চাঁদাবাজদের কবলে পড়তে হয়। তারা ৫-১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। নৌ পুলিশ দেখলে তারা আসে না।”
আজমগীর হোসাইন আরো বলেন, “আত্মরক্ষার্থে আমরা ২১টি গুলি করি। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলা প্রক্রিয়াধীন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”