১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ক্ষেত থেকে বাড়ি ফিরছিল, পথে বজ্রপাতে মৃত্যু

বাড়ির কাছাকাছি পৌঁছালে বজ্রপাতে আহত হয় রাব্বি, পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়, বলছেন এক ইউপি সদস্য।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

নেত্রকোণা সদর উপজেলায় বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন পরিষদের সাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবু সিদ্দিক জানান।

মৃত ১৮ বছর বয়সী রাব্বি মিয়া সাটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

আবু সিদ্দিক বলেন, “সকালে বাড়ির সামনে নিজ জমির বাদাম ক্ষেত থেকে বাদাম তুলতে যায় রাব্বি। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির কাছাকাছি পৌঁছালে বজ্রপাতে আহত হয় রাব্বি।

“পরে বেলা ১২টার দিকে স্থানীয়রা বাড়ির সামনের জমিতে রাব্বিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পাশের কলমাকান্দা উপজেলার সিধলী বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, “বজ্রপাতে রাব্বি মিয়া নামে এক কিশোর মারা যাওয়ার তথ্য পেয়েছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রশাসন থেকে তাদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।”