২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পানি খেতে গিয়ে নিখোঁজ, পরে সরিষা ক্ষেতে মিলল লাশ

তাকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 05:49 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

জয়পুরহাটে সরিষার ক্ষেত থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুরে পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জয়পুরহাট সদর থানার ওসি আনিছুর রহমান জানিয়েছেন। 

নিহত ১৬ বছর বয়সী তাইফ হাসান নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের তুহিন হোসেনের ছেলে এবং ওই এলাকার জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। 

তার লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

ওসি আনিছুর বলেন, “তাইফ তার মায়ের সঙ্গে শনিবার ঢাকা থেকে বাসে করে জয়পুরহাট শহরে আসে। সে পানি পান করার কথা বলে হারিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না।  

“দুপুরে একটি সরিষার ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ পরে গিয়ে তা উদ্ধার করে।”

তিনি বলেন, “তাইফকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।”

এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।