Published : 02 Nov 2025, 02:36 PM
জামালপুর শহরে পাঁচ দফা দাবিতে ধর্মঘটে নেমেছেন ইজিবাইকের চালক ও মালিকেরা।
রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বেলা ২টা পর্যন্ত। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরের সাধারণ মানুষ।
ধর্মঘট চলাকালে শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় ইজিবাইকের চালকরা। হঠাৎ ধর্মঘটের কারণে ইজিবাইক বন্ধ থাকায় বহু মানুষ হেঁটে তাদের গন্তব্যে যান।
ইজিবাইক চালকদের দাবিগুলো হচ্ছে- লাইসেন্স ফি বাড়ানো যাবে না, পৌরসভার লাইসেন্সপ্রাপ্ত সব গাড়ি শহরে চলাচল করবে কোন রঙ করা যাবে না।
পৌরসভার বাইরের গাড়ি শহরে চলাচল করতে পারবে না এবং একদিন পর পর গাড়ি চালানোর নিয়ম বাতিল করতে হবে।
জামালপুর শহরের ফৌজদারি চত্বরে অবস্থান নেওয়া ইজিবাইক চালক আল আমীন বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর তারা সম্প্রতি পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরে। কিন্তু কোন কাজে আসেনি।
পাঁচ দফা দাবির বিষয়ে ইজিবাইক চালক রফিকুল ইসলাম বলেন, “আমাদের দাবি হল, লাইসেন্স ফি বৃদ্ধি করা যাবে না, পৌরসভার লাইসেন্সপ্রাপ্ত সব গাড়ি শহরে চলাচল করবে, লাল-সবুজ কোন কালার করা যাবে না।
“বাইরের কোন গাড়ি শহরে চলাচল করতে পারবে না এবং একদিন চলার পর একদিন গ্যাপ দিয়ে গাড়ি চালানোর নিয়ম বাতিল করতে হবে।”
ইজিবাইক বন্ধ থাকায় সরিষাবাড়ী থেকে জামালপুর শহরের বেলটিয়া মোড়ে এসে বিপাকে পড়েন সুমন মিয়া। অটোরিকশা থেকে নেমে কয়েক কিলোমিটার হেঁটে তাকে যেতে হয়েছে সদর হাসপাতালে।
শহরের শাহাপুর এলাকার সহিজল জামান বলেন, “ইজিবাইক থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা। হাজার হাজার পরিবার ইজিবাইক চালিয়ে পরিবারে স্বচ্ছলতা এনেছে।
“আবার প্রশিক্ষণ বা নিয়মনীতি না থাকায় তারা প্রতিদিনই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।”
জামালপুর পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী খানম সাংবাদিকদের বলেন, “ইজিবাইক এবং অটোরিকশার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন চলছে। ইজিবাইক চালকদের ডাকে ধর্মঘট চলছে। দুই পক্ষের দুটি স্মারকলিপি আমরা পেয়েছি।”
এসব বিষয় নিয়ে কী করা যায় তা পৌর প্রশাসন ও জেলা প্রশাসন ভেবে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।
গত ২৭ অক্টোবর জামালপুর সদরের দিগপাইতে কর্ভাড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে সরকারি আশেক মাহমুদ কলেজের এক শিক্ষার্থীসহ পাঁচ জন নিহত এবং তিনজ ন গুরুতর আহত হয়।
এ ঘটনার পর গত ২৯ অক্টোবর সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধের দাবিতে জামালপুরে মানববন্ধন বিভিন্ন কর্মসূচি পালন করেছে সরকারি আশেক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।