Published : 27 May 2025, 12:14 PM
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর- (বিএসএফ) ঠেলে দেওয়া ১৪ জন বিজিবির বাধার মুখে পড়ে শূন্যরেখায় অবস্থান করছে।
মঙ্গলবার ভোর রাত ৪টার দিকের এ ঘটনা ঘিরে উপজেলার বড়াইবাড়ি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এর মধ্যে সকাল ৬টার দিকে বিএসএফ বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে বলে দাবি স্থানীয়দের। তবে তা নিশ্চিত করেনি বিজিবি।
জামালপুর ব্যাটালিয়নের-৩৫ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক বলেন, “কয়েকজনকে বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে আমাদের বিজিবি বাধা দিয়ে তা প্রতিহত করে। পুশইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা আমরা এখনও নিশ্চিত না, তারা দুই দেশের শূন্য রেখায় আছে।”
বর্তমানে পুশইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে অবৈধভাবে ১৪ জন নারী পুরুষকে বড়াইবাড়ি সীমান্তের ১০৬৭ সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে পুশইন করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় বিজিবি।
পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিসএফের সাড়া মেলেনি।
স্থানীয় খোরশেদ আলম, ময়জুদ্দিন, নুরুল হক বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৬টার দিকে বিএসএফ ঐ সীমান্ত এলাকায় বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে চারটি গুলি ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি কিছু থমথমে রয়েছে।
সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তের শুন্য রেখায় পুশইন করা ব্যক্তিরা অবস্থান করছেন বলেও নিশ্চিত করেন তারা।
স্থানীয়দের বরাতে রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, এদের মধ্যে ৯জন পুরুষ ও ৫জন নারী, তারা সবাই ভারতের মুরগাঁও আসাম জেলার মৃওকির ভিটা থানার বড়বেটা খান্দাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক বলেন, বিজিবির ঊর্ব্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গেছেন। কোনো গোলাগুলির ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত নই।