Published : 01 Jun 2026, 08:02 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির সদস্যসচিব খন্দকার আল ইমরানকে পদ থেকে অপসারণ করে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আদর্শিক অবস্থান ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে জেলা কমিটির শীর্ষ নেতারা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন।
সংগঠনের দাবি, ইমরান একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও প্রচারণামূলক পোস্ট শেয়ার করছিলেন; যা সংগঠনের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
তবে ইমরান বলেন, তিনি জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠনে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন, এমন কথা আগেই বর্তমান সংগঠনের নেতাকর্মীদের জানিয়েছিলেন। এজন্য সম্মানজনকভাবে দায়িত্ব ছাড়তে পদত্যাগপত্র ও ছাড়পত্র চেয়েছিলেন বলে দাবি করেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির মুখ্য সংগঠক জান্নাতুল ফিরদাউস মিম বলেন, সদস্যসচিব পদে থেকে অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মের কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।