১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নকল সরবরাহের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে, বাতিল ৫ পরীক্ষার্থীর পরীক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগের সত্যতা সিসিটিভি ভিডিওতে পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 09:13 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল সরবরাহের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই ঘটনায় পরীক্ষাকক্ষে দায়িত্বে থাকা আরও দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ পরীক্ষার্থীর ওই দিনের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

সোমবার উপজেলার আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন রানীখার সৈয়দ ইমদাদুল বাড়ি গাউজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক।

উপজেলা প্রশাসন জানায়, পরীক্ষা চলার সময় মনির হোসেন কেন্দ্রের বাইরে থেকে লেখা উত্তরপত্র পরীক্ষার্থীদের দিচ্ছেন বলে অভিযোগ ওঠে।

পরে সিসিটিভি ভিডিও পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পান কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় মনির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একই ঘটনায় আরও দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে। পাশাপাশি পাঁচ পরীক্ষার্থীর ওই দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে।

ইউএনও সামিউল ইসলাম বলেন, “প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি রাখা হয়েছে। পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত শিক্ষককে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।