Published : 03 Sep 2024, 08:23 PM
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ২৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম রহিমা খাতুন মামলাটি আমলে নিয়ে নথিভুক্তের আদেশ দেন বলে জানান ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।
মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু সদর উপজেলার শিবগঞ্জ পারপুগী গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, ছোট ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীমসহ ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি মৌজায় প্রায় ৯০ একর জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন হাবিবুল ইসলাম বাবলু। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম সুজনসহ আসামিরা বাদীর কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা না দিলে জমি দখল করে নেওয়াসহ বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম এবং মাজহারুল ইসলাম সুজনের মোবাইল নম্বরে ফোনে করা হলে তা বন্ধ পাওয়া যায়।