নারায়ণগঞ্জে ‘মাদকের বিরোধে’ যুবককে গুলি করে হত্যা
নিহতের বুকে ও মাথায় গুলির আঘাত ছাড়াও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ‘মাদক ব্যবসা নিয়ে বিরোধের’ জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত ১টার দিকে পৌর হকার্স মার্কেটের পেছনের গলিতে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
নিহতের শুভ দাস (৩০) চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকার একটি ভাড়াবাসায় থাকতেন।
স্থানীয় বাসিন্দা অনিক সাহা বলেন, রাত ১টার দিকে অন্তত পাঁচটি গুলির শব্দ তারা শুনতে পেয়েছেন।
"বারান্দা থেকে উঁকি মেরে দেখি কয়েকজন দৌঁড়ে পালিয়ে যাচ্ছে,” বলেন তিনি।
পুলিশ কর্মকর্তা তারেক বলেন, খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের বুকে ও মাথায় গুলির আঘাত ছাড়াও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এছাড়া মরদেহের পাশ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং নিহতের বিরুদ্ধে অন্তত পাঁচটি মাদকের মামলা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
নাম না প্রকাশের শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে পাশের আমলাপাড়া এলাকায় অভিযানে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। মাদক ব্যবসায়ীদের ধারণা শুভই পুলিশকে এ বিষয়ে তথ্য দিয়েছে।
নিহতের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে “প্রাথমিক তদন্তে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পাওয়া গেছে। অভিযুক্ত কয়েকজনের নাম পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি সাজেদুর রহমান।
