গাজীপুরে ‘উত্তরা ইউনিভার্সিটির’ বাস উল্টে আহত ২৩ শিক্ষার্থী
ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তায় যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
গাজীপুরে ‘উত্তরা ইউনিভার্সিটির’ একটি বাস উল্টে ২৩ শিক্ষার্থী ও চালক আহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির।
আহতরা হলেন- কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী পূরবী, মাহিমা, এফডিটি বিভাগের লায়লা, সারা, আফরিন, লিমন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বাপ্পি, তুরিণ, ইংরেজি বিভাগের নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী, টেক্সটাইলে বিভাগের নাজমুল, বাংলা বিভাগের তৃণা, ডিএনএফডিটি আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা।
ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে ক্যাম্পাস থেকে ৩০ শিক্ষার্থী নিয়ে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তায় যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিক্ষার্থীসহ ২৪ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়া হয়।
উত্তরা ইউনিভার্সিটির চিকিৎসক তৌসিক সরকার বলেন, আহতদের মধ্যে গুরুতর জখম নেই। বেশির ভাগই বাসের জানালার কাঁচ দিয়ে কেটে গেছে। কেউ কেউ বাসের ভেতরে চাপায় আহত হন।
এদের মধ্যে বাস চালক ও শিক্ষার্থী তৃণাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
গাজীপুর সদর মহানগর পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
