Published : 02 Jan 2025, 03:51 PM
গাজীপুরের শ্রীপুরে কিশোররা এক ওষুধ ব্যবসায়ীকে বাড়ির সামনে মারধর করে ও পরে বাড়িতে ঢুকে ইটের আঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত ২টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল।
নিহত মো. হাসিবুল ইসলাম (৪০) বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
তিনি পরিবার নিয়ে মসজিদ মোড় এলাকার শ্বশুড়বাড়িতে বসবাস করার পাশাপাশি ফার্মেসি ব্যবসা (ঔষধ বিক্রি) করতেন।
কিশোরদের হামলায় আহত হয়েছেন- নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), শ্যালক হানিফ (২৯), শ্যালকের স্ত্রী সালমা আক্তার (২৭) এবং চালক জাহিদুল ইসলাম শিমুল (৩৫)।
তাদের কাছ থেকে স্বর্ণলংকার লুটের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, “বুধবার আমরা ঢাকায় যাই। ঢাকার কাজ শেষে রওনা করে রাত ২টার দিকে প্রাইভেট কারে শ্রীপুরের বাসার সামনে এসে নামি।
“নামামাত্রই দেখতে পাই ৮-১০জন কিশোর রাস্তায় হইচই করছে। আমরা গাড়ি থেকে যখন ব্যাগগুলো নামাচ্ছি, তখন তারা আমাদের সামনে এসে এত রাতে কোথা থেকে এসেছি তা জানতে চায়। তাদের চলে যেতে অনুরোধ করলে তারা অকথ্য ভাষা ব্যবহার করতে থাকে।
“তখন আমার স্বামীর সঙ্গে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে তাকে মারধর করে কিশোররা। এ সময় গাড়ি চালক শিমুল এগিয়ে এলে তাকেও মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।”
মাহমুদা আরও বলেন, “পরে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির ভেতরে চলে গেলে ওই কিশোররা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে এবং মারধর করে চলে যায়।“
তিনি বলেন, এক পর্যায়ে তার স্বামী হাসিবুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় আল-হেরা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, “রাত সোয়া ৩টার দিকে মৃত অবস্থায় হাসিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।”
শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, “খবর পেয়ে রাত সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি জয়নাল আবেদীন বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। পলাতক অন্যদের আটকের চেষ্টা চলছে।”