১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বামীসহ মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার, ‘ভুয়া এনআইডি’ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার এ দম্পতির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2024, 09:54 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের এক নেত্রী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

এ সময় তাদের কাছ থেকে ৭৮টি ‘ভুয়া এনআইডি’ কার্ড ও মাদকসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

শনিবার মধ্যরাতে উপজেলার ইসলামপুর থেকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম।

গ্রেপ্তার মোছা. নিলুফা ইয়াসমিন (৪০) বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপর গ্রেপ্তার মিনার মিয়া (৬০) নিলুফার স্বামী। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

ওসি শহিদুল ইসলাম জানান, শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে হামলা ও বিস্ফোরণের অভিযোগে করা মামলা আসামি নিলুফা ইয়াছমিন ও তার স্বামী মিনার মিয়াকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

পরে তাদের বাড়ি তল্লাশি করে ৭৫টি ইয়াবা ট্যাবলেট, দুটি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, পাঁচ হাজার ইন্দোনেশিয়ান রুপি, এক হাজার একশত ৪০ ভারতীয় রুপি এবং ১৭ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, নিলুফা ইয়াছমিন ও তার স্বামীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। যৌথবাহিনীর অভিযানের পর তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।